Print

সারাদিন

পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও হামলা

প্রকাশিত: ৭:৪৬ অপরাহন, জুলই ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) বিকেলে এ কে বিল্ডার্স নামের ওই প্রতিষ্ঠানে হামলার এ ঘটনা ঘটে।

পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আলাব্দিরটেকে ত্রাস সৃষ্টির উদ্দেশ্যে ২৫-৩০ জনের একটি দল গুলি চালায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সপ্তাহ তিনেক আগে জামিল নামের এক ব্যক্তি প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাইউম আলী খানের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। দাবি না মানায় তিনি তার লোকজন নিয়ে কয়েক দফায় হামলা চালান। শুক্রবার বিকেলেও হামলাকারীরা এসে গুলি চালায়। এতে শরিফুল ইসলাম নামের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যানের ছেলে আমিনুল এহসান বলেন, “জামিল নামের এক ব্যক্তি আমাদের কাছে বিশাল অঙ্কের চাঁদা দাবি করেন। রাজি না হওয়ায় প্রথমে আমাদের প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে ফেলে। পরে শুক্রবার ফের ২৫-৩০ জনের একটি দল গুলি চালিয়ে আতঙ্ক ছড়ায়।”

এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

Nagad
Nagad