প্রকাশিত: ৭:৫৫ অপরাহন, জুলই ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গণঅভ্যুত্থানের পর যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদেরকে কোনো রাজনৈতিক দলই কিনতে পারেনি। তারা দেশের জন্য লড়েছে, নিজেদের স্বার্থে নয়।’
তিনি বলেন, আমরা দেশের সংষ্কার চেয়েছি, বিচার চেয়েছি এবং নতুন সংবিধান চেয়েছি। কিন্তু এই সকল জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে একটি পক্ষ। যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়। কিন্তু আমরা বলেছি, গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবনদানের পরেও তারা যদি মনে করে পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখবে, এটা এত সহজ হবে না।
শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বরে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এনসিপির ‘জুলাই পদযাত্রা’র ১২তম দিনে খুলনা থেকে সাতক্ষীরা পৌঁছায় দলটির নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, ‘তারা ভেবেছিল ২/৩টা আসনের প্রলোভন দেখিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে কিনে নেবে। কিন্তু তা হয়নি। আমরা এখনও বলছি—নির্বাচনী সমঝোতা নয়, দেশ সংস্কারে আমাদের দরজা খোলা রয়েছে।’
পথসভায় সাতক্ষীরার বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, ‘এই উপকূলীয় অঞ্চলে এখনও রেললাইন আসেনি, স্বাস্থ্য ও শিক্ষার অবস্থা শোচনীয়। আমরা এসব উন্নয়নের জন্য কাজ করছি। নাগরিক পার্টি আপনাদের সঙ্গে আছে। চাঁদাবাজদের ভয় পাওয়ার কিছু নেই।’
তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আমরা কী সাতক্ষীরায় রেললাইন চাই? সাতক্ষীরায় শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই? স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চাই?’ এ সময় উপস্থিত জনতা হাত উচিয়ে এতে সমর্থন জানান। এ সময় নাহিদ আরও বলেন, ‘আমাদের জলবায়ু আমাদের রক্ষা করতে হবে। আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। সাতক্ষীরার মানুষ মাটির মানুষ, আপনাদের জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। আপনারা নাগরিক পার্টির সঙ্গে থাকবেন, চাঁদাবাজদের ভয় পাওয়ার কোনো কারণ নেই।’
প্রচন্ড গরমের কারণে অনুষ্ঠানে নেতাদের বক্তব্য সীমিত করে পদযাত্রা, অফিস উদ্বোধনসহ অন্যান্য কর্মসুচি বাদ দিয়ে তারা বাগেরহাট জেলার উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করেন।
সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনুবা জাবিন, মেসবাহ কামাল, ডা. মনিরুজ্জামান প্রমুখ।
তীব্র গরম উপেক্ষা করে পথসভায় হাজারো মানুষ অংশ নেন। পরে প্রচণ্ড তাপদাহের কারণে এনসিপির অন্যান্য কর্মসূচি বাতিল করে নেতারা বাগেরহাটের উদ্দেশে সাতক্ষীরা ত্যাগ করেন।