প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, “এই যুগে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে একজন মানুষকে হত্যা করা শুধু অমানবিকই নয়, বরং তা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।”
শনিবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৫টায় মোংলা উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর মিটফোর্ডে ঘটে যাওয়া ওই হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট ওয়াদুদ বলেন, ‘সোহাগকে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, তাকে উলঙ্গ করে লাশের ওপর নৃত্য করেছে। এমন পাশবিকতা সভ্য সমাজে বিরল।’ তিনি প্রশ্ন তোলেন, ‘যারা রাজনীতির নামে এমন সহিংসতা চালায়, তাদের হাতে রাষ্ট্র গেলে জনগণের জান-মালের নিরাপত্তা কোথায় থাকবে?’
বিক্ষোভ মিছিলটি মোংলার বি.এল.এস. জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেট চত্বরে এসে শেষ হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কোহিনুর সরদার, পৌর জামায়াতের আমীর এম এ বারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।