প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
নতুন উদ্যোক্তাদের জন্য বড় এক সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ২১ বছর বা তদূর্ধ্ব বয়সী যে কেউ এখন থেকে নতুন ব্যবসা শুরু করতে ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে পারবেন, যার সুদের হার মাত্র ৪ শতাংশ।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি মাস্টার সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, নতুন এ নীতিমালা উদ্ভাবনী উদ্যোগ ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং এসডিজি অর্জনে সহায়ক হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী,ব্যাংকগুলো তাদের নিজস্ব স্টার্টআপ তহবিল থেকে এখন শুধু ইক্যুইটি বা অংশীদার ভিত্তিতে বিনিয়োগ করতে পারবে। আর বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার তহবিল থেকে দেওয়া যাবে ৪ শতাংশ সুদে ঋণ। তবে এই তহবিল ছাড়া অন্য কোনো উৎস থেকে নতুন করে ঋণ বা বিনিয়োগ করা যাবে না। আগে যেসব ঋণ বা বিনিয়োগ অনুমোদন হয়েছে, সেগুলোর অর্থ ছাড় দেওয়া যাবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন নিয়মে ঋণের পরিমাণও বাড়ানো হয়েছে। আগে সর্বোচ্চ ১ কোটি টাকা দেওয়া হতো, এখন ধাপে ধাপে ২ কোটি থেকে ৮ কোটি টাকা পর্যন্ত দেওয়া যাবে। অর্থায়নের জন্য উদ্যোক্তার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। তবে সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। যেসব স্টার্টআপ ইতোমধ্যেই চালু আছে, সেগুলোও এই সুবিধা পাবে। তবে কোম্পানির বয়স ১২ বছরের বেশি হলে এই সুবিধা পাওয়া যাবে না।
তবে ব্যাংকগুলো নিজেরা যে পুরোনো স্টার্টআপ তহবিল তৈরি করেছিল, তা থেকে এখন নতুন করে ঋণ দেওয়া যাবে না। আগে যে ঋণ অনুমোদন করা হয়েছে, সেগুলোর অর্থ বিতরণ চালিয়ে যাওয়া যাবে। এতদিন ব্যাংকগুলো কেবল পুরোনো বা চলমান ব্যবসাকে ঋণ দিত। নতুন উদ্যোক্তারা সেই সুযোগ থেকে বঞ্চিত ছিলেন, কারণ ব্যাংকারদের মনে হতো নতুন ব্যবসার ঝুঁকি বেশি। তবে এখন সেই ধারণা বদলেছে।