Print

সারাদিন

মব সহিংসতায় সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কি না, প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত: ৮:৩৪ অপরাহন, জুলই ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, দেশে যেসব মব সৃষ্টির ঘটনা ঘটছে, তার পেছনে সরকারের কিংবা প্রশাসনের কোনো ‘প্রচ্ছন্ন প্রশ্রয়’ রয়েছে কি না।

শনিবার (১২ জুলাই) রাজধানীর হোটেল লেকশোরে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমরা কি ধরে নেব, দেশে যেসব মব সৃষ্টি হচ্ছে বা পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে, সেগুলোর পেছনে সরকারের কোনো প্রকার মদদ আছে? সরকার কেন সেই অপরাধীদের গ্রেপ্তার করছে না—সেই প্রশ্ন আজ জনগণেরও।’

মিটফোর্ড হাসপাতালে সোহাগ নামের এক ব্যক্তিকে পাথর ছুড়ে হত্যার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘যে দৃশ্য আমরা স্ক্রিনে দেখেছি, যেখানে হত্যাকারী প্রকাশ্যে ছিল, তাকে কেন এখনো গ্রেপ্তার করা হয়নি? সরকারের এই ব্যর্থতা কী ইচ্ছাকৃত?’

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে তা এখনও শেষ হয়নি। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, ‘অন্যায়কারী যে-ই হোক না কেন, প্রচলিত আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। বিএনপি কখনো অন্যায়ের পক্ষে ছিল না, থাকবেও না।’

ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনেক আগেই বলেছিলাম, অদৃশ্য শত্রু আছে। এখন সেই শত্রুর রূপ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। আমাদের বুঝে নিতে হবে কে সত্যিকারভাবে দেশের পক্ষে আছে আর কে নেই।’

Nagad
Nagad

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘পরিশেষে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাই, আসুন আমরা সতর্ক থাকি। আমাদের যে আন্দোলন ছিল, যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার, মানুষের অধিকার প্রতিষ্ঠার, সেই যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি। একটি হাদিস নিয়ে কথা বলে আমি আজকে বিদায় নিতে চাচ্ছি। একটি হাদিসে বলা হয়েছে, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ঠ, সে যা শোনে সত্যতা যাচাই না করে তা-ই প্রচার করে বেড়ায়।’