প্রকাশিত: ৮:৫৬ অপরাহন, জুলই ১২, ২০২৫
সারাদিন ডেস্ক
সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আশা ছাড়ছে না। দেশের হয়ে খেলার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তার জন্য জাতীয় দলের দরজা এখনো খোলা।
আজ শনিবার (১২ জুলাই) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন,‘একজন ক্রিকেটার হিসেবে বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এটা কেউ অস্বীকার করতে পারবে না। সবসময় তার জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে।’
বর্তমানে গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। সেখানে প্রথম ম্যাচেই ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেছেন এই অলরাউন্ডার। সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে ৩৭ বলে ৫৮ রান করার পাশাপাশি ১৩ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচসেরাও হয়েছেন সাকিব।
সাকিবের ফেরার বিষয়ে বিসিবি পরিচালকের বক্তব্য, ‘এখন সভাপতি পুরো দায়িত্ব দিয়েছে ক্রিকেট অপারেশনস, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর। তারা বিষয়টি দেখছে।’