প্রকাশিত: ৯:০১ অপরাহন, জুলই ১২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকায় মো. সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে হত্যার ঘটনায় ছাত্রদল নেতা তারেক রহমান রবিন আদালতে দায় স্বীকার করেছেন। শনিবার (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে তিনি স্বেচ্ছায় এ জবানবন্দি দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দায়ের হওয়া অস্ত্র মামলায় এই জবানবন্দি নেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার (১১ জুলাই) তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।
এ ঘটনায় দায়ের হওয়া অন্য মামলায়—হত্যা মামলায়—আরেক আসামি মাহমুদুল হাসান মহিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে আটক করে। পরে কোতোয়ালি থানায় একটি হত্যা ও একটি অস্ত্র মামলা হয়। নিহত মো. সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।
এদিকে পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে সোহাগকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ফেসবুকে অনেকেই এর নিন্দা জানিয়েছেন।