প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
সারাদিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামী ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে।
রোববার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো, যখন ইইউ ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ভেস্তে গেছে।
শনিবার নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে প্রকাশিত দুটি আলাদা চিঠিতে ট্রাম্প জানান, মেক্সিকোর বিরুদ্ধে তার অভিযোগ— যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক প্রবাহে দেশটির ভূমিকা। অন্যদিকে ইইউর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে।
এর আগে চলতি সপ্তাহেই ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলসহ ২০টিরও বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন। এর মধ্যে তামার (কপার) ওপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন তিনি।
ট্রাম্পের ঘোষণার পরই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ইইউ তাদের স্বার্থ রক্ষায় প্রস্তুত এবং প্রয়োজনে “সমান পাল্টা ব্যবস্থা” নেওয়া হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউরোপীয় ইউনিয়নকে শক্ত অবস্থানে থাকার আহ্বান জানিয়ে বলেন, “যথাযথ চুক্তি না হলে, পাল্টা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিতে হবে।” তিনি জানান, তৃতীয় কোনো দেশ যদি রাজনৈতিক চাপ প্রয়োগ করে, তাহলে ইইউ সরকারি ক্রয়চুক্তি ও অর্থনৈতিক সুযোগ সীমিত করার মতো পদক্ষেপ নিতে পারে।
মেক্সিকোর প্রতিক্রিয়া: সিদ্ধান্তকে ‘অন্যায়’ বলছে সরকার
মেক্সিকোর সরকার জানায়, শুক্রবার ওয়াশিংটনে এক বৈঠকে তারা ট্রাম্পের সিদ্ধান্তের কথা জানতে পেরেছে। দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম বলেন, “আমার বিশ্বাস, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো আরও ভালো শর্তে একমত হতে পারবে। এই মুহূর্তে মাথা ঠাণ্ডা রাখাটাই সবচেয়ে জরুরি।”
মেক্সিকোর ৮০ শতাংশ রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে যায়। ফলে ট্রাম্পের এই সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
এর আগেও ট্রাম্প কানাডার ওপর ৩৫ শতাংশ এবং ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। ব্রাজিলের ক্ষেত্রে তিনি এই শাস্তিমূলক শুল্ককে রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে মামলাকে “উইচ-হান্ট” হিসেবে আখ্যা দেন।