প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভক্ত করে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা—এই দুই নতুন বিভাগে সচিব নিয়োগে সরকার নতুন নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (১৩ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে বিষয়টি জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
উপদেষ্টা জানান, ‘নতুন দুই বিভাগে কারা সচিব হবেন, কী যোগ্যতায় নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। যোগ্যতা পূরণ করলেই কেউ সচিব হতে পারবেন—এমন একটি মানদণ্ড নির্ধারণ করা প্রয়োজন।’
তিনি বলেন, ‘রাজস্ব আহরণ কার্যক্রম গতিশীল করতে হলে উপরের স্তরে স্পষ্ট নীতিমালা থাকা জরুরি। এ উদ্যোগের ফলে রাজস্ব আদায়ের গতি বাড়বে এবং করদাতাদের সেবা আরও উন্নত হবে।’
ফাওজুল কবির খান বলেন, ‘বর্তমানে রাজস্ব আদায় কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। রাজস্ব বাড়াতে হবে, করদাতাদের হয়রানি কমাতে হবে এবং গ্রাহকসেবা উন্নত করতে হবে।’
তিনি আরও জানান, ব্যবসা-বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটির অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।