Print

সারাদিন

চতুর্দিক থেকে বিএনপিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

প্রকাশিত: ৮:০৫ অপরাহন, জুলই ১৩, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিকভাবে দুর্বল করার গভীর চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপিকে চারদিক থেকে আক্রমণ করে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। এবার প্রথমবারের মতো আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্য আক্রমণ হয়েছে, নাম ধরে উদ্দেশ্যমূলকভাবে মন্তব্য করা হয়েছে—যা অত্যন্ত উদ্বেগজনক।’

রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিএনপির বিরুদ্ধে চলছে ব্যাপক সাইবার ক্যাম্পেইন। এ পরিস্থিতিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সাইবার জগতে এখনই ভূমিকা রাখতে হবে। অনুমতির প্রয়োজন নেই—প্রত্যুত্তর দিতে হবে সঙ্গে সঙ্গেই। আমাদের ওপর সাইবার অ্যাটাক চালানো হয়েছে, এখন জবাব দেওয়ার সময়।’

তিনি আরও বলেন, ‘বিএনপি কোনো তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল নয়। বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে এ দল। জনগণের আস্থা ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ভিত্তিতে বিএনপি গড়ে উঠেছে, এটিকে সহজভাবে কেউ ধ্বংস করতে পারবে না।’

সাইবার টিমের তরুণ সদস্যদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন,‘তোমরা যারা এই কাজগুলো করছো। আরও বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো। আমাদের খুব বড় দুর্বলতা আছে। অনেকেই স্বীকার করবেন কিনা জানি না, আমরা পড়তে চাই না। পড়তে হবে সবাইকে। আজকে এখানে অনেকের কথা শুনে আমরা সমৃদ্ধ হলাম। পড়াশোনা যত বাড়ানো যাবে, লড়াই তত শক্তভাবে করা যাবে। পড়তে হবে সব বিষয়ে। ওরা কীভাবে আক্রমণ করছে, এটা জানতে হবে।’

তিনি বলেন, জ্ঞানভিত্তিক প্রচেষ্টা ছাড়া আন্দোলনে সফল হওয়া কঠিন। এজন্য প্রতিনিয়ত নিজেদের সমৃদ্ধ করতে হবে।

Nagad
Nagad