প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর ভেতরে ব্যাপক অস্থিরতা শুরু হয়। এরপর থেকেই একের পর এক পুলিশ কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বরখাস্ত হচ্ছেন।
সবশেষ কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে আরও চার পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে এ ধরনের ঘটনায় বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তার সংখ্যা দাঁড়াল ২১ জনে।
রোববার (১৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে চারটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ১২ জুলাই উপসচিব নাসিমুল গনি এসব প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রওশানুল হক সৈকত (বর্তমানে র্যাবে বদলিকৃত) ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএমপির সাবেক এডিসি মো. তৌহিদুল ইসলাম ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর থেকে অনুপস্থিত। ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. গোলাম রুহানী ২০২৩ সালের ১১ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত। ডিএমপির মিরপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মফিজুর রহমান পলাশ ২০২৩ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে ছিলেন না।
তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে। বরখাস্তের কার্যকারিতা তাদের অনুপস্থিতির দিন থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে এসব কর্মকর্তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।