প্রকাশিত: ৮:১৬ অপরাহন, জুলই ১৩, ২০২৫
সারাদিন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কেজি হাড়িভাঙ্গা আম পাঠাচ্ছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতেই এই আম উপহার পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, সোমবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে এই আমের চালান পৌঁছাবে। আমগুলো ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর ছাড়াও বিভিন্ন কূটনৈতিক এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হবে।
এ ছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হাড়িভাঙ্গা আম পাঠানো হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনদের জন্য ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম উপহার পাঠানো হয়। ৬০টি কার্টনে এসব আম আখাউড়া স্থলবন্দর দিয়ে বিকেল ৫টা ১৫ মিনিটে পাঠানো হয়।
বাংলাদেশের জনপ্রিয় এই আম উপহারের প্রচলন আগের সরকারগুলোর সময়েও চালু ছিল। কূটনৈতিক এই উদ্যোগকে ‘আম কূটনীতি’ হিসেবে আখ্যা দেওয়া হয়, যা এখনো দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য, শুভেচ্ছা ও সৌজন্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।