Print

সারাদিন

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্, জুলই ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর ও উপকূলীয় অঞ্চলে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যার ফলে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, ফলে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এছাড়া পঞ্চগড়, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও আশপাশের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ বইছে, তবে কিছু কিছু এলাকা থেকে তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত নদীবন্দরের সতর্কবার্তায় জানানো হয়, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Nagad
Nagad