Print

সারাদিন

ময়মনসিংহে দুই শিশুসহ মাকে গলা কেটে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ৩:৫৪ অপরাহন, জুলই ১৪, ২০২৫

ময়মনসিংহ সংবাদদাতা:

ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ এক হত্যাকাণ্ডে দুই শিশু সন্তানসহ এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার একটি বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন— ময়না আক্তার (২৫) এবং তার দুই সন্তান রাইসা (৭) ও নিরব (২)। তারা নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার জেনের বাজার এলাকার বাসিন্দা। নিহতরা বর্তমানে ভালুকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ভালুকা থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— রোববার (১৩ জুলাই) রাতে যেকোনো সময় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘরে ঢুকে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। হত্যার ধরন থেকে ধারণা করা হচ্ছে, এটি পূর্বপরিকল্পিত হতে পারে।

ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম জানান, ‘ঘটনার তদন্ত চলছে। পারিবারিক বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না বলে দাবি করেছেন। এছাড়া নিহতের দেবর ঘটনার পর থেকে পলাতক রয়েছে।’

Nagad
Nagad

পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং সিআইডির একটি দলও আলামত সংগ্রহে মাঠে নেমেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।