প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এর মধ্যে নিউইয়র্কের দুটি স্থাবর সম্পত্তি এবং দেশটির স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকে থাকা চারটি ব্যাংক হিসাব রয়েছে।
সোমবার (১৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলাম আদালতে আবেদনটি করেন। আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ৯ কোটি ৪৪ লাখ ৬৪ হাজার ৭৫১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।
তদন্তে উঠে এসেছে, বেনজীর আহমেদ পুলিশপ্রধান থাকা অবস্থায় এই বিপুল পরিমাণ সম্পদ অবৈধভাবে অর্জন করেন এবং বর্তমানে তিনি নিজের ও আত্মীয়স্বজনের নামে থাকা এসব সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, বেনজীরের নিউইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে দুটি স্থাবর সম্পত্তি রয়েছে, প্রতিটির মূল্য ২ লাখ ১৫ হাজার মার্কিন ডলার। এছাড়া, যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের দুটি অ্যাকাউন্ট ও মালয়েশিয়ার সিআইএমবি ইসলামিক ব্যাংকের দুটি অ্যাকাউন্টে তার নামে অর্থ রয়েছে।
এসব সম্পদ যদি এখনই জব্দ না করা হয়, তাহলে মামলার বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সম্ভাবনা বিঘ্নিত হতে পারে। আদালত আবেদন শুনে এসব সম্পদ ও ব্যাংক হিসাব ক্রোক ও ফ্রিজের আদেশ দেন।