Print

সারাদিন

শুল্কনীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা আশাব্যঞ্জক: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

সারাদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কনীতি বিষয়ে দ্বিতীয় দফার আলোচনা আশাব্যঞ্জক হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ অ্যাগ্রিমেন্টের খসড়া চূড়ান্ত করতে আলোচনা ইতিবাচক গতিতে এগোচ্ছে এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য শুল্ক সুবিধা প্রত্যাশা করছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আমরা রোববার যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছি দ্বিতীয় রাউন্ডের আলোচনা শেষ করে। আজ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে সেই আলোচনার বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেছি।’

তিনি জানান, ‘চলতি মাসেই তৃতীয় রাউন্ডের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা আশাবাদী, এই আলোচনা থেকে একটি ভালো ফলাফল পাওয়া যাবে।’

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক হয়েছে। আলোচনা ছিল খুবই এনগেজিং। প্রায় ৩৫-৪০ জন কর্মকর্তা আলোচনায় অংশ নিয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা চাই যুক্তরাষ্ট্র আমাদের জন্য একটি যৌক্তিক ও বৈষম্যহীন শুল্কহার নির্ধারণ করুক, যাতে আমরা প্রতিযোগিতামূলকভাবে ব্যবসা করতে পারি।’

Nagad
Nagad

২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ শুল্ক পরিশোধ করে আসছে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ব্যবসায়ীরা নিজেদের সক্ষমতায় ব্যবসা করছে। বৈষম্যমূলক কোনো অবস্থান তৈরি না হলে আমাদের পণ্যের মার্কেট শেয়ার আরও বাড়বে।”

এক প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন স্পষ্টভাবে বলেন, ‘যৌক্তিক শুল্কহার বলতে আমরা বুঝি ‘শূন্য’-অর্থাৎ আমাদের পণ্যে কোনো শুল্ক না থাকলেই সেটা হবে প্রকৃত অর্থে যৌক্তিক ও সমতাভিত্তিক।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জলবায়ু ঝুঁকি, শ্রমমান ও উৎপাদনে টেকসই উন্নয়নসহ নানা আন্তর্জাতিক মান পূরণ করছে। তাই যুক্তরাষ্ট্রের মতো বাজারে শূন্য শুল্ক সুবিধা পাওয়া আমাদের প্রাপ্য।’