Print

সারাদিন

লজ্জার রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

সারাদিন ডেস্ক

অস্ট্রেলিয়ার পেসারদের বিধ্বংসী বোলিংয়ে টেস্ট ইতিহাসের অন্যতম লজ্জাজনক হার বরণ করলো ওয়েস্ট ইন্ডিজ। ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় ও শেষ টেস্টে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেল ক্যারিবীয়রা। ফলে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা।

জ্যামাইকার সাবিনা পার্কে অনুষ্ঠিত এই টেস্টে ২০৪ রানের সহজ লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ১৪.৩ ওভারে মাত্র ২৭ রানে গুটিয়ে যায় পুরো দল। এটি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর।

প্রথম ওভারেই দুর্দান্ত স্পেল উপহার দেন মিচেল স্টার্ক। রানের খাতা খোলার আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। নিজের তৃতীয় ওভারে স্টার্ক আরও দুই উইকেট তুলে নিলে স্কোরবোর্ডে তখন মাত্র ৭ রানে ৫ উইকেট।

এই স্পেলে ১৫ বলের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে স্টার্ক টেস্ট ইতিহাসে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।

এরপর ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেস যখন বিদায় নেন, তখন স্কোর ছিল ৬ উইকেটে ১১। দলের সম্মান বাঁচাতে কিছুটা লড়াই করেন জোসেফ ও গ্রেভস, গড়েন ১৫ রানের একটি জুটি। তবে তাতেও রক্ষা হয়নি।

১৪তম ওভারে এসে অন্য এক তাণ্ডব চালান স্কট বোলান্ড। ওভারের প্রথম তিন বলে তিন উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন তিনি। ক্যারিবীয়দের স্কোর তখন ২৬ রানে ৯ উইকেট।

Nagad
Nagad

১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ২৬ রান এখনো টেস্ট ইতিহাসের সর্বনিম্ন দলীয় স্কোর। ওয়েস্ট ইন্ডিজ এবার সেই রেকর্ডে পৌঁছাতে পারলেও, ২৭ রান করে একটু ব্যতিক্রম থেকে যায়।

১৫তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরের বলেই স্টার্ক দশম উইকেটটি তুলে নিয়ে তাদের ইনিংস গুটিয়ে দেন। মাত্র ১৪.৩ ওভারেই ২৭ রানে অলআউট হয়ে ১৭৬ রানে হার মানে স্বাগতিকরা।

ম্যাচসেরা ও সিরিজসেরা হয়েছেন স্টার্ক। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। এই জয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করলো অজিরা।