Print

সারাদিন

প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে যোগ্যতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের আহ্বান

প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

সারাদিন ডেস্ক

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান এবং কোন কোন স্কুল ভালো করছে সে বিষয়ে মূল্যায়ন জানতে চান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের যোগ্যতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের প্রায় ৩২ হাজার বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই—এ অবস্থায় দ্রুত পদায়ন ও নিয়োগ কার্যক্রম শেষ করতে হবে।

বৈঠকে উপস্থিত উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, প্রাথমিক শিক্ষায় অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত ফল আসেনি। তাই স্কুলগুলোর র‍্যাংকিং করা হচ্ছে এবং পিছিয়ে থাকা স্কুলগুলোর জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।

প্রধান উপদেষ্টা যোগ্য প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে ক্যাটাগরি নির্ধারণের পরামর্শ দেন। দীর্ঘদিন ধরে শিক্ষকতায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ শিক্ষকদেরও সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

এছাড়া শিক্ষকদের বদলির ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা তৈরি এবং তদবির-নির্ভর বদলির সংস্কৃতি বন্ধে সুস্পষ্ট প্রক্রিয়া প্রণয়নের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

নারীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিতের বিষয়ে ড. ইউনূস বলেন, ‘স্কুল ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে, যাতে নারী শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা বিবেচনায় এনে অবকাঠামো নির্মাণ হয়।’ একইসঙ্গে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Nagad
Nagad

বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।