প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
সারাদিন ডেস্ক
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে সিরিয়া এবং লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা (সানা) জানিয়েছে, দেশটির সুয়াইদা প্রদেশে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত কয়েক মাস ধরে দ্রুজ সম্প্রদায়কে রক্ষার অজুহাতে সিরিয়ায় একাধিকবার হামলা চালিয়ে আসছে।
এদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালিতেও হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনী। হামলার উদ্দেশ্যে হিসেবে হিজবুল্লাহর সামরিক উপস্থিতি ও হামলার আশঙ্কার কথা জানিয়েছে তারা।
এর আগে গত নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও উভয় পক্ষই পরবর্তীতে একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অব্যাহত রয়েছে। বিভিন্ন চিকিৎসা সূত্র ও মানবিক সংস্থাগুলোর বরাতে জানা গেছে, গাজাজুড়ে একদিনে নতুন করে আরও অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
রাফায় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল জানিয়েছে, গত ছয় সপ্তাহে তারা যত হতাহতের ঘটনা পর্যবেক্ষণ করেছে, তা গত এক বছরের তুলনায় অনেক বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৮ হাজার ৩৮৬ জন নিহত এবং ১ লাখ ৩৯ হাজার ৭৭ জন আহত হয়েছেন।
মানবিক সহায়তার অভাবে গাজা ও আশপাশের অঞ্চলগুলোতে পরিস্থিতি চরম বিপর্যয়ের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।