Print

সারাদিন

প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণার ইচ্ছা নেই সরকারের: প্রেস উইং

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ হিসেবে ঘোষণার কোনো পরিকল্পনা বা ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। এ বিষয়ে মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, হাইকোর্টের একটি রুলে জানতে চাওয়া হয়েছে—কেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা উচিত নয়। সরকার আদেশের অনুলিপি পাওয়ার পর যথাসময়ে রুলের জবাব দেবে বলে জানানো হয়।

প্রেস উইং আরও জানায়, “রিটকারী নিজ উদ্যোগে এই আবেদন দায়ের করেছেন। তবে এই নির্দেশনা চাওয়ার পেছনে কী যুক্তি বা ভিত্তি রয়েছে, তা স্পষ্ট নয়।”

এর আগে সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেন।

একই রুলে আদালত জানতে চেয়েছেন, আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম আকরামসহ জুলাই আন্দোলনে নিহত শহীদদের ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না কেন।

সরকারি পর্যায়ে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত নেই বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Nagad
Nagad