প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫
সারাদিন ডেস্ক
বুধবার (১৬ জুলাই) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া, শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনার আয়োজন করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার মৃত্যুর প্রতিবাদে উদ্ভূত আন্দোলনে শহীদ হন আরও কয়েকজন। দিনটিকে স্মরণীয় করে রাখতে সরকার ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে।