Print

সারাদিন

মিটফোর্ডে সোহাগ হত্যা: সেই পাথর নিক্ষেপকারী আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১২:২৫ অপরাহন, জুলই ১৬, ২০২৫

সারাদিন ডেস্ক

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে নির্মমভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে পাথর নিক্ষেপকারী মূল আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে পটুয়াখালীর ইটবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম। তিনি জানান, ‘ঢাকার ডিবির একটি দল রাতে এসে ইটবাড়িয়া থেকে সোহাগ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বিধায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি।’

ডিবি পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মামলার অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিশ্চিত হয়েই ডিবির দল পটুয়াখালীতে অবস্থান নেয়। পরে ইটবাড়িয়া এলাকার একটি বাসা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।

সূত্রটি আরও জানায়, গ্রেপ্তার হওয়া এই ব্যক্তি সোহাগের নিথর দেহের ওপর কংক্রিটের বিশাল পাথর নিক্ষেপ করেছিলেন—এ তথ্য ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে। তবে মামলার বাকি আসামিরা যাতে পালাতে না পারে, সেই সতর্কতা থেকে এখনই তার নাম প্রকাশ করা হচ্ছে না।

এই নিয়ে আলোচিত সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা দাঁড়াল ৯ জনে।

এর আগে, সোমবার (১৪ জুলাই) রাতে নারায়ণগঞ্জ বন্দরের একটি এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে মামলার অন্যতম আসামি মো. নান্নু কাজী (৩৩) কে গ্রেপ্তার করা হয়।

Nagad
Nagad

প্রসঙ্গত, গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের সামনেই কয়েকজন দুর্বৃত্ত তাকে বড় কংক্রিটের পাথর দিয়ে মাথা ও শরীরে বারবার আঘাত করে। হৃদয়বিদারক সেই দৃশ্য সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের পরদিন নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।