প্রকাশিত: ২:৪৭ অপরাহন, জুলই ১৬, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে মোট আট দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীরকে আদালতে হাজির করে প্রত্যেক মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলের আবেদন করেন।
শুনানি শেষে বিচারক মো. রাসেল হত্যা মামলায় পাঁচ দিন ও লিটন উদ্দিন হত্যা মামলায় তিন দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।