প্রকাশিত: ৫:২৫ অপরাহন, জুলই ১৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ সরানো হয়েছে কোনো ধরনের চাপের মুখে নয়— বরং বিষয়টি কমিশন যথাযথ মনে করেই করেছে বলে জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব মো. আখতার আহমেদ।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘আমরা মনে করেছি, বর্তমান পরিস্থিতিতে ওয়েবসাইটে দলীয় প্রতীক দেখানো যথাযথ নয়। তাই আওয়ামী লীগের নিবন্ধনের তথ্য, প্রতীক ও প্রতীকের নাম ইসির ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। তবে নির্বাচন বিধিমালায় নৌকা প্রতীক বরাদ্দ থাকবে, অন্য কোনো দল এটি পাবে না।’
তিনি আরও বলেন, ‘কেউ যাতে বিভ্রান্ত না হন, সেজন্যই ওয়েবসাইট থেকে প্রতীক সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে কোনো বাহ্যিক চাপ নেই।’
উল্লেখ্য, সম্প্রতি একটি মামলার রায়কে কেন্দ্র করে বিভিন্ন মহলে আওয়ামী লীগের নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা শুরু হয়। এর প্রেক্ষিতেই ইসি ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সংক্রান্ত তথ্য সরিয়ে নেয়।