Print

সারাদিন

গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি পুলিশ: আইজিপি

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

জ্যেষ্ঠ প্রতিবেদক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানে পুলিশ কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (১৬ জুলাই) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ধৈর্য ধরে গোপালগঞ্জের পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছে পুলিশ। সেখানে আমরা কোনো লিথ্যাল (প্রাণঘাতী) অস্ত্র ব্যবহার করিনি। তাই হয়তো পরিস্থিতি সামাল দিতে আমাদের একটু সময় লেগেছে।’

আইজিপি আরও বলেন, ‘উচ্ছৃঙ্খলতা যতটুকু হয়েছে, তা প্রশমন করার জন্য পুলিশ সর্বোচ্চ ধৈর্য দেখিয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য পাঠানো হয়েছে।’

এর আগে, বুধবার দুপুর থেকে গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে। সন্ধ্যা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়নি। তবে, পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় এনসিপির নেতাকর্মীদের গোপালগঞ্জ শহর থেকে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, এনসিপির দাবি, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। অন্যদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তার স্বার্থেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

Nagad
Nagad