Print

সারাদিন

গোপালগঞ্জের ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৩:০৫ অপরাহন, জুলই ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে হামলার ঘটনায় যারা জড়িত, তাদের কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘হামলার বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে হামলার পরিমাণ এতোটা ব্যাপক হবে-তা জানা ছিল না।’

এনসিপির নেতারা অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে যার যেটা বক্তব্য, সে সেটা দেবে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।’

ভবিষ্যতে কী করবেন বা কী নির্দেশনা দেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাতো সেখানে কালকেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক।

অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা অন্যায় করেছেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

Nagad
Nagad