Print

সারাদিন

২১ আগস্ট গ্রেনেড মামলা: আপিল শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ৪:০৪ অপরাহন, জুলই ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের খালাস প্রদানকারী রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি ২৪ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আর আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।

আইনজীবী এস এম শাহজাহান জানান, শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ মামলার পেপারবুক (নথিপত্র) থেকে সাক্ষ্য ও হাইকোর্টের রায় বিস্তারিতভাবে উপস্থাপন করেন। আগামী ২৪ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

তিনি আরও জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন ও মো. হানিফের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত বছরের ১ ডিসেম্বর মামলার রায় ঘোষণা করেন, যেখানে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়া হয়। ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয় ১৯ ডিসেম্বর।

Nagad
Nagad

রাষ্ট্রপক্ষ রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতির জন্য ‘লিভ টু আপিল’ দায়ের করে। চলতি বছরের ১ জুন আপিল বিভাগের অনুমতি মেলে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভী রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তিন শতাধিক নেতাকর্মী। শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।