প্রকাশিত: ৪:১০ অপরাহন, জুলই ১৭, ২০২৫
পিরোজপুর সংবাদাদাত:
জুলাই বিপ্লবে শহিদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পিরোজপুর আদালতে কর্মরত এক পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) পিরোজপুর জেলা পুলিশের নির্দেশে আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল মাসুদ রেজাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
জানা গেছে, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংসতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। গতকাল (১৬ জুলাই) রাত ১১টার দিকে পিরোজপুর জেলা জজ আদালতের সামনে ওই ভিডিও দেখে শহিদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন মাসুদ রেজা। এতে উত্তেজিত হয়ে স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখেন।
ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক বলেন, ‘শহিদ আবু সাঈদের পরিবারকে নিয়ে কটূক্তি করায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাকে আটকে রাখে। পরে আমরা কয়েকজন স্থানীয়ভাবে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি এবং পুলিশ সুপারকে বিষয়টি জানাই।’
ওসি রবিউল ইসলাম জানান, পুলিশ সুপার খান মোহাম্মাদ আবু নাসেরের নির্দেশে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।