প্রকাশিত: ৬:১২ অপরাহন, জুলই ১৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
এর আগে, গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। নতুন পর্ষদে চেয়ারম্যান করা হয় ওবায়েদ উল্লাহ আল মাসুদকে, যিনি বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশও ছিল।
সম্প্রতি ওবায়েদ উল্লাহ আল মাসুদ, তার স্ত্রী মর্জিনা বেগম, দুই পুত্র জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলকারনায়েন টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমির ব্যাংক হিসাব তলব করা হয়। এ ঘটনার পরপরই তিনি পদত্যাগ করেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।