প্রকাশিত: ৭:২২ অপরাহন, জুলই ১৭, ২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক:
এনসিপির সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার জেরে গোপালগঞ্জে জারি করা কারফিউর সময় বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, গোপালগঞ্জ জেলায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। এরপর শুক্রবার দুপুর ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ সাময়িকভাবে শিথিল করা হবে। ওই সময়সীমার পরে আবারও কারফিউ কার্যকর হবে এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলমান থাকবে।
এর আগে, বুধবার (১৬ জুলাই) বিকেলে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় এনসিপি’র সমাবেশ শেষে ফেরার পথে দলটির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পুরো জেলায় কারফিউ কার্যকর করা হয়।
উল্লেখ্য, ঘটনার পর গোপালগঞ্জে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। জনসাধারণকে ঘরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর আহ্বান জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।