প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্, জুলই ১৮, ২০২৫
সারাদিন ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় একদিনে আরও অন্তত ৯৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬৭ জন। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়, নতুন করে হতাহতের এই ঘটনায় গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৬৭৭ জনে। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯৭৪ জন।
বিবৃতিতে আরও বলা হয়, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে না পারায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
এছাড়া, মানবিক সহায়তা নিতে গিয়ে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩২ জন। ২৭ মে থেকে শুরু করে এ ধরনের সহিংসতায় প্রাণ হারিয়েছেন ৮৭৭ জন, আহত হয়েছেন ৫ হাজার ৬৬৬ জন।
চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতির সংক্ষিপ্ত সময় পর ইসরায়েল আবারও পূর্ণমাত্রায় হামলা শুরু করে। এরপর থেকে গত চার মাসে ইসরায়েলি আগ্রাসনে ৭ হাজার ৮৪৩ জন নিহত এবং ২৭ হাজার ৯২২ জন আহত হয়েছেন।
এর আগে, গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া গাজায় চলমান সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা চলছে।