প্রকাশিত: ৩:১৮ অপরাহন, জুলই ১৮, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর মিডফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন তিন আসামি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকার পৃথক তিনটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি টিটন গাজী, মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। এরপর তারা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মতি জানালে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডের আবেদন করেন।
আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম, মোহাম্মদ এহসানুল ইসলাম ও আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে গত ৯ জুলাই রাজধানীর মিডফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও মাথায় পাথর দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন—মাহমুদুল হাসান মহিন, টিটন গাজী, মো. আলমগীর, মনির ওরফে লম্বা মনির, তারেক রহমান রবিন, সজীব ব্যাপারী, মো. রাজিব ব্যাপারী, নান্নু কাজী এবং রিজওয়ান উদ্দীন ওরফে অভিজিৎ বসু।