Print

সারাদিন

পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে: সালাহউদ্দিন

প্রকাশিত: ১১:৪৭ অপরাহন, জুলই ১৮, ২০২৫

সারাদিন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পিআর (প্রতিনিধিত্বের অনুপাতে) পদ্ধতিতে নির্বাচন চাওয়া এবং স্থানীয় পর্যায়ে নির্বাচন দাবি করা আসলে বিভ্রান্তিমূলক উদ্দেশ্যের বহিঃপ্রকাশ।’ তিনি বলেন, এই পদ্ধতির মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। পিআর পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান, তাদের অসৎ উদ্দেশ্য আছে। যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা স্থানীয় ও পিআর পদ্ধতিতে নির্বাচন চান। পিআর পদ্ধতি খায় না মাথায় দেয়? কেউ বোঝে না।’

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। সমাবেশটি অনুষ্ঠিত হয় রাজধানীর মিরপুরের পল্লবীতে।

তিনি আরও বলেন, ‘নতুনরা ক্ষমতায় যেতে চায়—এটা ইতিবাচক। কিন্তু যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, তবে তারা আবারও ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু ও দাফন হয়ে গেছে দিল্লিতে।’

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘একটি দল সব সময় বিভ্রান্তির রাজনীতি করেছে, যারা মানুষের সেন্টিমেন্টের বাইরে গিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এখন ঘোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা করছে।’

এনসিপির উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাবারা, রাজনীতির ময়দানে আরও অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা সবসময় পরামর্শ দিয়েছিলাম, আজও দিচ্ছি, নসিহত করছি। আমরা আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনারা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবেন। আপনারা জাতীয় নেতৃত্বে পরিণত হবেন, সেই আশাবাদ ব্যক্ত করি, কিন্তু যেভাবে আপনারা যাচ্ছেন, আপনাদের কর্মসূচির ধরন যেভাবে দেখছি। তাতে আমরা একটা মেসেজ পাচ্ছি, কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যেন বলতে পারেন, সরকার কোনোকিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। এই সরকার নির্বাচন কীভাবে দেবে?’

তিনি বলেন, ‘আর কিছু কিছু প্রশ্ন তো আপনারা এরই মধ্যে তুলেছেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কেন শাপলা প্রতীক দিল না? শাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধাচারণ করে চলা যায়? জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা ছিল না, এই প্রশ্ন তো আমরাও করতে পারি।’

Nagad
Nagad

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যারা বলছে, ধানের শীষও তো জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষের মার্কাটা যেটা আছে, সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে; সেই তফসিল অনুযায়ী, ১৯৭৮ সালের আগে সেই মার্কা বিদ্যমান ছিল। এই মার্কা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তোলেনি। সুতরাং রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনারা (এনসিপি) বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে; কিন্তু সরকারের তো আপনারাই অংশ। তাহলে কাদের উদ্দেশ করে বলছেন? দেশের মানুষ সবই জানে। আপনাদের দুই উপদেষ্টা বসে আছেন, দুই দিন পর তারা আপনাদের সঙ্গে জয়েন করবেন। তারপর আপনাদের সঙ্গে নির্বাচন করবেন। এই দৃশ্য তো দেখার জন্য অপেক্ষা করছি।’