প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্, জুলই ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের পর গোপালগঞ্জে জারি করা কারফিউ আজ শনিবার (১৯ জুলাই) রাত ৮টা পর্যন্ত শিথিল করা হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ‘শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ বহাল থাকবে কিনা, তা নির্ধারণ করা হবে।
এর আগে, গত বুধবার এনসিপির ডাকা সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হামলায় জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। সংঘর্ষে বেশ কয়েকটি দোকানপাট ও যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
পরিস্থিতির অবনতি হলে জেলা ম্যাজিস্ট্রেট প্রথমে ১৪৪ ধারা জারি করেন। পরে একই দিন সন্ধ্যা ৬টা থেকে পুরো গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়।
পরদিন বৃহস্পতিবার ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে প্রথম দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত করেন। এর মধ্যে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত কারফিউ আংশিক শিথিল ছিল।
শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত করা হয়। সর্বশেষ শুক্রবার রাত ১১টার দিকে জানানো হয়, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।