Print

সারাদিন

গ্লোবাল সুপার লিগ: ফাইনালে হেরে গেলো রংপুর রাইডার্স

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

সারাদিন ডেস্ক

গ্লোবাল সুপার লিগের ফাইনালে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স-এর। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও এবার শিরোপা ধরে রাখতে পারলো না নুরুল হাসান সোহান-এর দল। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স-এর কাছে ৩২ রানে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রংপুরকে।

টস জিতে ব্যাট করতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান করে। দলের হয়ে ওপেনার জনসন চার্লস করেন ৬৭ রান, আর রহমানুল্লাহ গুরবাজ ৩৮ বলে ঝড়ো ৬৬ রানের ইনিংস খেলেন। শেষ দিকে রোমারিও শেফার্ড (২৮*) এবং শেরফানে রাদারফোর্ড (১৯) মিলে দলকে শক্ত ভিত গড়ে দেন।

রংপুর রাইডার্সের পক্ষে খালেদ আহমেদ, তাবরিজ শামসি ও ইফতিখার আহমেদ ১টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে রংপুর রাইডার্স। ইবরাহিম জাদরান (৫), সৌম্য সরকার (১৩) এবং কাইল মায়ার্স (৫) দ্রুত ফিরে যান। মাত্র ২৯ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দলটি।

এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সাইফ হাসান ও ইফতিখার আহমেদ। ৭৩ রানের জুটি গড়লেও জয়ের পথে যথেষ্ট ছিল না তা। সাইফ ২৬ বলে ৪১ এবং ইফতিখার ২৯ বলে ৪৬ রান করে আউট হন। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে ৩০ রান করলেও দলের হার এড়ানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায় রংপুর রাইডার্স। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে রংপুরের ব্যাটাররা পুরো ম্যাচেই ছিলেন চাপে।

Nagad
Nagad

এই হারের ফলে গ্লোবাল সুপার লিগে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য অপূর্ণই থেকে গেল রংপুর রাইডার্সের।