প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্, জুলই ১৯, ২০২৫
সারাদিন ডেস্ক
জাতীয় নির্বাচনের আগে ঢাকায় বড় আকারের রাজনৈতিক শোডাউন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীরা এসে সমাবেশস্থলে ভিড় করছেন।
শুক্রবার রাত থেকেই উদ্যান এলাকায় জামায়াত নেতাকর্মীদের আগমন শুরু হয়। সকাল ৯টা নাগাদ মাঠজুড়ে উপচে পড়া ভিড় দেখা যায়। উদ্যানের বাইরেও হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, ‘জুলাই গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ও মৌলিক রাজনৈতিক সংস্কার’সহ সাত দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে প্রায় ১০ লাখ নেতাকর্মীর উপস্থিতি আশা করছেন জামায়াত নেতারা।
সমাবেশস্থলে সকাল ১০টা থেকেই কুরআন তেলাওয়াত, হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। ইসলামী সংগীতশিল্পী সাইফুল্লাহ মানসুর মাইকে সমাবেশের সূচনা ঘোষণা করেন। এছাড়া নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন।
সকাল ৯টা ২৫ মিনিটে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সমাবেশস্থলে উপস্থিত হন। মন্দির গেট দিয়ে প্রবেশকালে নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান এবং স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড দিয়ে তাকে মঞ্চে নিয়ে যান।
সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি ছাড়াও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশ থেকে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, পিআর পদ্ধতিতে নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক সংস্কারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবির কথা তুলে ধরা হবে।
জামায়াতের পক্ষ থেকে দেশের কার্যকর সব রাজনৈতিক দলকে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।