Print

সারাদিন

প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে: প্রেস সচিব

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

কুমিল্লা সংবাদদাতা:

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে।’

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনের পরিবেশ এমন হবে যাতে কোনো রাজনৈতিক দল বা প্রতিদ্বন্দ্বী আপত্তি তুলতে না পারে। নির্বাচন একদিনও পিছাবে না, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো ডিক্টেটরকে হটাতে পেরেছে, তারাই দেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং মেরামত করতে পারবে।’

‘জুলাই সনদ’ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যায় এসব প্রক্রিয়ায় সময় লাগে। তবে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার আলোচনায় বসছে। আশা করছি শীঘ্রই জুলাই সনদ আসবে।’

সম্প্রতি গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে শফিকুল আলম বলেন, গোপালগঞ্জ তো দেশের বাইরে নয়। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Nagad
Nagad

অনুষ্ঠানে শফিকুল আলম ছাড়াও লেখক, সাংবাদিক, শিল্পী ও উদ্যোক্তাসহ আরও ১০ জন বক্তা অংশ নেন।