প্রকাশিত: ৩:০৮ অপরাহন, জুলই ১৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হলেও প্রয়োজনে মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘গোপালগঞ্জের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মরদেহ পরিবারগুলো ময়নাতদন্ত ছাড়া দাফন করেছে। ফলে তখন সেটা সম্ভব হয়নি। তবে প্রয়োজন হলে আইনগত প্রক্রিয়ায় কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে।’
গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ওঠা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে।
তিনি বলেন, ‘ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যিনি মারা গেছেন, তার ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে। প্রয়োজনে অন্য নিহতদের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।’
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে ন্যাশনাল কনসেনসাস পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, সমাবেশস্থল ও গাড়ি বহরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দফায় দফায় হামলা চালায়।
সকাল থেকেই উত্তপ্ত পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনীর উপরও হামলা হয়। এসময় পুলিশের গাড়ি ও এক সরকারি কর্মকর্তার গাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পুরো দিনের সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন।