Print

সারাদিন

২০ বছর কোমায় থেকে মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্, জুলই ২০, ২০২৫

সারাদিন ডেস্ক

সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ নামে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ অবশেষে দীর্ঘ ২০ বছরের কোমা থেকে আর ফিরে এলেন না। শনিবার (১৯ জুলাই) রিয়াদের কিং আব্দুলআজিজ মেডিকেল সিটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

রাজকীয় দরবার সূত্রে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) নিশ্চিত করেছে প্রিন্সের মৃত্যু সংবাদ।

প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের সদস্য এবং প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র। তিনি সৌদি ধনকুবের ও ব্যবসায়ী প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাতিজা।

২০০৫ সালে যুক্তরাজ্যের লন্ডনে একটি সামরিক কলেজে অধ্যয়নরত অবস্থায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন আল ওয়ালিদ। মাথায় গুরুতর আঘাত পেয়ে কোমায় চলে যান তিনি। এরপর প্রায় দুই দশক ধরে লাইফ সাপোর্টে ছিলেন।

মাঝেমধ্যে তার শারীরিক নড়াচড়ার কিছু ইঙ্গিত দেখা গেলেও কোনোদিন পুরোপুরি জ্ঞান ফিরে পাননি তিনি। তবু এতদিন ধরে বাবা প্রিন্স খালেদ প্রতিদিন তার ছেলের শয্যাপাশে উপস্থিত ছিলেন এবং নিয়মিত সামাজিকমাধ্যমে তার খোঁজ জানিয়ে আসছিলেন।

প্রিন্সের মৃত্যুতে সৌদি আরব ও আরব বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা ও শেষকৃত্যানুষ্ঠান শুরু হবে রোববার আসরের নামাজের পর রিয়াদের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে। চলবে মঙ্গলবার পর্যন্ত।

Nagad
Nagad