প্রকাশিত: ৩:০১ অপরাহন, জুলই ২০, ২০২৫
সারাদিন ডেস্ক
বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে যে ধরনের নিরাপত্তা প্রয়োজন, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে নিশ্চিত করতে সক্ষম।
রোববার (২০ জুলাই) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না। কেবলমাত্র যারা প্রকৃতভাবে দোষী, তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। বিষয়টি নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়ানো ঠিক নয়।’
তিনি জানান, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং জনগণের মধ্যে কোনো ধরনের আতঙ্ক বা উদ্বেগ থাকার কারণ নেই। এছাড়াও তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি, টহল এবং প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশজুড়ে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিলে এ ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।