প্রকাশিত: ৮:৫৬ অপরাহন, জুলই ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণহানি ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউ ও ১৪৪ ধারা আজ সন্ধ্যা থেকে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। তবে, অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আজ রাত ৮টার পর থেকে গোপালগঞ্জ জেলার কোথাও ১৪৪ ধারা বা কারফিউ বলবৎ থাকবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কারফিউ তুলে নেওয়া হলেও, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে।’
এর আগে ১৬ জুলাই এনসিপির ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই পদযাত্রায় হামলা চালায়। সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন এবং অনেকেই আহত হন। ঘটনার পরদিন, ১৬ জুলাই রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়, যা পরে একাধিক দফায় বাড়ানো হয়। সবশেষ, আজ ২০ জুলাই সন্ধ্যায় কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলো।