প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্, জুলই ২১, ২০২৫
সারাদিন ডেস্ক
চিকিৎসক নিয়োগে অনুষ্ঠিত ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার ২০৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন রয়েছেন। উত্তীর্ণ প্রার্থীরা এখন ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
গতকাল রোববার (২০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।
পিএসসি গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে ৩ হাজার চিকিৎসক নিয়োগের কথা বলা হয়। এর মধ্যে সহকারী সার্জনের জন্য ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জনের জন্য ৩০০টি শূন্যপদ রয়েছে।
এর আগে বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছিল পিএসসি।