Print

সারাদিন

রাজধানীতে সেনা কর্মকর্তা পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতি, গ্রেপ্তার ৪ জন

প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্, জুলই ২১, ২০২৫

সারাদিন ডেস্ক

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ডিওএইচএসের ১১ নম্বর সড়কের ৮০৭ নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে রাতে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মুহম্মদ জাকারিয়া সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—চালক মাসুম মুনতাসির, পুলিশের সোর্স পরিচয়ধারী হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার এবং অবসরপ্রাপ্ত করপোরাল মুকুল হোসেন।

এডিসি জাকারিয়া জানান, ওইদিন মোট ৮ জন অভিযুক্ত ওই বাসায় ঢুকেছিল। তবে ঘটনাস্থলের একটি চেকপোস্টে চারজন ধরা পড়লে বাকি চারজন পালিয়ে যায়। তারা বাসার ভেতরে মাদক, অস্ত্র ও অর্থ আছে এমন দাবি করে প্রবেশ করেছিল।

বাসার মালিক হোসনে আরা চম্পা বলেন, “তারা মূলত ডাকাতির উদ্দেশ্যেই বাসায় প্রবেশ করে এবং পরে বাসার সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দেয়।”

ঘটনার পর প্রথমে সোর্স হারুনকে আটক করা হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় বাকিদের শনাক্ত করে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

Nagad
Nagad

পুলিশ জানায়, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।