প্রকাশিত: ১:৫৭ অপরাহন, জুলই ২১, ২০২৫
সারাদিন ডেস্ক
ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ ফাইটার জেট) বিধ্বস্ত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং দেড়টার দিকে এটি বিধ্বস্ত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায় এবং দেখা যায় বিমানটি কলেজের আঙিনায় পড়ে যায়। এতে শিক্ষার্থী ও কলেজ কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।
তুরাগ থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বলেন, “তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থলে কর্তৃপক্ষ পৌঁছেছে।”
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান, “দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ শুরু করেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে। বিস্তারিত তথ্য এখনও আমাদের কাছে নেই।”
দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়েছে কি না—তা নিশ্চিত করা সম্ভব হয়নি এখনো। ঘটনাস্থলে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।