প্রকাশিত: ৩:১০ অপরাহন, জুলই ২১, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। আহত হয়েছেন আরও অন্তত চারজন, যাদেরকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং এর কিছুক্ষণের মধ্যেই কলেজের পাশের মাঠে বিধ্বস্ত হয়। বিমানটি ছিল বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান।
ঘটনার সময় মাইলস্টোন কলেজের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাস চলছিল বলে জানান কলেজের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বুলবুল আহমেদ। তিনি বলেন, ‘হঠাৎ বিকট শব্দে পুরো ক্যাম্পাস কেঁপে ওঠে। শিক্ষার্থীরা আতঙ্কে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষকরা দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।’
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকাও কেঁপে ওঠে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। কলেজ ভবন থেকে পোড়া শরীর নিয়ে দৌড়ে বের হতে দেখা যায় কয়েকজনকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় সেনাবাহিনীর গাড়িতে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত হন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। কলেজ ক্যাম্পাস ঘিরে রাখা হয়েছে।
আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে কেন এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই অভিভাবকেরা ছুটে আসেন কলেজে। অনেকেই তাদের সন্তানদের খোঁজে দুশ্চিন্তায় পড়ে যান। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে বলে জানিয়েছে।