প্রকাশিত: ৮:৩৩ অপরাহন, জুলই ২১, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।
সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর পাইলটকে গুরুতর আহত অবস্থায় দ্রুত সিএমএইচে নেওয়া হয়। বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর মাধ্যমে এই ঘটনায় এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
আইএসপিআর জানায়, বিমানটি ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান। এটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ভবনটিতে, যেখানে তখনো ক্লাস চলছিল।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম পাবনা ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। মাত্র এক বছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
উল্লেখ্য, এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ৫০ জন দগ্ধ অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। গুরুতর আহতদের অধিকাংশকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সর্বশেষ এ ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১৭১ জন।