প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫
সারাদিন ডেস্ক
ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে রক্ষণাত্মক ফুটবলে নয়, আক্রমণাত্মক ফুটবলে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ‘অঘোষিত ফাইনালে’ নেপালকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
ম্যাচে একাই চার গোল করেছেন ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত এক হ্যাটট্রিকসহ টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা নিয়ে গেছেন আটে। এটি ছিল তার দ্বিতীয় হ্যাটট্রিক।
সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের শুরুতে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই মাঠ দাপিয়ে বেড়ায় বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করেন সাগরিকা। দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৭ মিনিটে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ গোলটি আসে ৭৭ মিনিটে।
নেপাল একাধিকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বেশ কয়েকটি গোল নিশ্চিতভাবে ঠেকিয়ে দেন।
এই জয়ের মধ্য দিয়ে কোচ পিটার বাটলারের দল টুর্নামেন্টে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তোলে। এটি যুব পর্যায়ে বাংলাদেশের মেয়েদের পঞ্চম শিরোপা। সর্বশেষ তারা ভুটানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল।