প্রকাশিত: ৪:১১ অপরাহন, জুলই ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে এই ঘোষণা দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
শিক্ষা উপদেষ্টা জানান, স্থগিত হওয়া পরীক্ষার নতুন তারিখ নিয়মিত পরীক্ষাগুলোর পর ঘোষণা করা হবে।
এদিকে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা আজ সকাল থেকে ছয় দফা দাবিতে বিক্ষোভ করছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শিক্ষার্থীদের দাবিগুলোকে সরকার যৌক্তিক বলেই মনে করছে।
এর আগে, ২২ জুলাইয়ের (আজকের) এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোমবার (২১ জুলাই) মধ্যরাতে শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছিলেন।
উল্লেখ্য, সোমবার সকালে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।