প্রকাশিত: ৬:১২ অপরাহন, জুলই ২২, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলসহ ছয় দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যায়।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
এর আগে বিকেলে শিক্ষার্থীদের বিশাল একটি মিছিল সচিবালয়ের মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করে। তারা পরীক্ষার পরিবর্তে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দ্রুত ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে থাকা পার্কিং এলাকার বেশ কয়েকটি সরকারি গাড়ি ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।
পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সচিবালয় থেকে শিক্ষার্থীদের বের করে দেন। সচিবালয়ের সামনে তখন ফের মুখোমুখি অবস্থানে আসে দুই পক্ষ, যার ফলে আরও এক দফা সংঘর্ষ হয়।
সচিবালয় এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।