প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৫
সারাদিন ডেস্ক
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, “শিক্ষার্থীদের দাবি মেনে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের ছয় দফা দাবির বাস্তবতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে কমিটি গঠন করা হচ্ছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার দায়বদ্ধ। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও তার ফেসবুকে শিক্ষা সচিবের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে দুপুর ২টার দিকে রাজধানীর সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে হাজারো শিক্ষার্থী। তারা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রকৃত তথ্য প্রকাশ, পরীক্ষা বাতিল, সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশসহ ছয় দফা দাবি জানায়। শিক্ষার্থীরা অভিযোগ তোলে, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের গতকাল থেকে অপ্রত্যাশিত আচরণ করেছেন এবং ঘটনার গুরুত্বকে অবমূল্যায়ন করেছেন।
এ সময় শিক্ষার্থীরা বৃষ্টিকে উপেক্ষা করে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করে এবং কিছু গাড়ি ভাঙচুরের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বের করে দিলে সচিবালয়ের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে তেজগাঁও পুরোনো বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনাস্থলে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।